এবং মেঘ
এবং মেঘ
রূপক চট্টোপাধ্যায়
তোর জন্য ভাষার ভেতর এসে
হঠাৎ করেই পথ চলে যায় বনে।
তোর নাম তো নদীর কাছে শোনা
নীল আকাশে মেঘের পর্যটনে।
তোর জন্য রোদ লিখলাম আমি
অল্প শালিক, ছাগল ছানা, ঘাস।
একটু দূরে ই দীঘল পুকুর, রাস মঞ্চ
সাদায় কালোয় গোটাকয়েক হাস।
আসবি কি তুই এমন করে মেঘ
ও মেঘ, তোর শহুরে অট্টালিকা।
এখানে শীত আলোক মঞ্জরীতে
কুয়াশা দিয়ে চাঁদ সোহাগে মাখা।
রামি র কাছে চন্ডিদাসে র নেশায়
বিকেল খুলে পড়েছি পদাবলী।
ও মেঘ, তোর নোলকে চন্দ্রোদয়
ফনিমনসার হিংসে হয়ে জ্বলি!
মনে কর তুই নাম গিয়েছিস ভুলে,
আমারও নাম ,মনে পড়ে না ছাই।
এমন কি আর যায় বা আসে তাতে
কাঁসাই নামে ডাক পাঠালাম তাই।
