0কবিতার প্রেমিক
তাপস কুমার বর
২৭.০৩.২০২৬
________________________
সেদিন রাস্তার মধ্যিখানে একটা চাহনি কিছু বলে গেল আমায়,
অপেক্ষা......
হয়তো,একদিন মুছে যাবে শুকনো গোলাপে সব!
তুমি প্রেমিক হতে পেরেছ কি?
না আছে তোমার জৌলুষ,
না তোমার সরকারি চাকরি।
শার্টের বোতাম দুটি ছিঁড়ে গেছে বুঝি....
সাইকেল চালিয়ে অনাহারের জীবন ঘেঁটে কত পাও তুমি?
তুমি প্রেমিক হতে চাও!
একটা শাড়ি আনতে বললে
অপেক্ষার দাম দিয়ে,
আনতে আনতে বারোটা দিন লাগিয়ে দাও।
ভালো ক্যাফে যেতে বললে
সেই সস্তার চানাচুর না হলে বাদাম নিয়ে হাজির হও।
তুমি প্রেমিক সাজতে যেওনা।
এখনো দামের প্রতিযোগীতায় নিজেকে সস্তা বানিয়ে রেখেছ!
সম্মুখ সমরে এখনো লজ্জা নিয়ে দাঁড়িয়ে আছো?
তুমি পারবে না প্রেমিক হতে....
শার্টের বোতাম দুটো এখনো ছেঁড়া,
উস্কো-খুস্কো চুল
গাল ভর্তি দাঁড়ি!
নির্বাক দৃষ্টি....
অনেক শব্দ আজও তোমার বোবা শালিকের মতো হয়েছে ধুলিস্যাৎ।
তুমি কি কবিতার প্রেমিক?
তোমার কন্ঠে
কত অপমানের ছাপ।
একটা চুম্বনের মতো গোটা স্বপ্ন
যোগ্যতার বিচারে,
বার বার তিরস্কারের বেড়াজাল তোমায় দিয়েছে আটকে।
ও আমার কবিতার প্রেমিক
শার্টের বোতাম দুটো এখনো পারনি পরাতে!
ওই চাহনি,
এখনো তোমাকে নয়নে নয়ন মেলে,
জীবন জোয়ারের বোবা শালিকের কান্নার স্বপ্ন নিয়ে কিছু যেন বলে গেছে!
°°°°°°°°°