• 21 July 2026

    মুহূর্তের দলিল

    তাপস কুমার বর

    0 3

    মুহূর্তের দলিল

    তাপস কুমার বর

    ___________________

    সংবাদপত্রে কালো অক্ষরে ছাপা হয় মৃত্যুর বিজ্ঞাপন,

    টিভির পর্দায় নাচে মিথ্যার কার্নিভাল।

    ক্ষুধা আজ পরিসংখ্যান, বেকারত্ব ট্রেন্ডিং টপিক,

    আর মানুষ? মানুষ আজ কন্টেন্টের ফুয়েল।

    দেশপ্রেম বিক্রি হয় বাজারে, ব্র্যান্ডেড প্যাকেটে,

    মন্দির-মসজিদের চাঁদায় কেনা হয় ভোটের হাট।

    শিক্ষা আজ ব্যবসা, স্বাস্থ্য আজ লটারি,

    ন্যায়বিচার ঝুলে আছে তারিখের পর তারিখে।


    যারা প্রশ্ন করে তাদের বলা হয় দেশদ্রোহী,

    যারা চোখ রাঙায় তাদের দেওয়া হয় নিরাপত্তা।

    কৃষকের ফসলে পোকা, আর নেতার ফসলে কোটি কোটি টাকা,

    শ্রমিকের ঘামে ইমারত, আর মালিকের নামে ছবি।


    এই অত‍্যাচারী সাম্রাজ‍্যে চলে উন্নয়ন এর নামে,

    ইতিহাস মুছে যায় নতুন সংকল্পের আর এক স্লোগান।

    নদী মরে, জঙ্গল কাঁদে, আদিবাসী হয় উদ্বাস্তু,

    আর আমরা তালি বাজাই মোবাইলের স্ক্রিনে ভিউ বাড়িয়ে।


    চুপ! আর কতকাল?

    মেরুদণ্ড কি সব বন্ধক রেখেছো লাভের খাতায়?

    এই যে পেটের আগুন, এই যে চোখের জল,

    একদিন এরাই হবে বারুদের স্তূপ।

    তাই বলি —

    কলম তুলো, রাস্তায় নামো, আয়না ভাঙো,

    কারণ যে জাতি প্রতিবাদ ভুলে যায়,

    সে জাতি মরে যায় বেঁচে থেকেই।

    °°°°°°



    তাপস কুমার বর


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!